শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ভিসা প্রক্রিয়ায় প্রতারণা ঠেকাতে ১৩ দেশের যৌথ সতর্কবার্তা


প্রকাশ :

ভিসা, কাজের অনুমতি (পারমিট) এবং অন্যান্য কনস্যুলার সেবা নিতে গিয়ে প্রতারণার ঝুঁকি এড়াতে আবেদনকারীদের সতর্ক করেছে বিশ্বের প্রভাবশালী ১৩টি দেশ। স্বচ্ছ ও নিরাপদ আবেদন প্রক্রিয়া নিশ্চিত করতে তারা সরাসরি সরকারি নিয়ম অনুসরণের ওপর জোর দিয়েছে এবং মধ্যস্বত্বভোগীদের থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ নির্দেশনা জানানো হয়। এতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

বিবৃতিতে বলা হয়, ভিসার জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট দেশের নির্ধারিত সরকারি ও আইনি প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো অবস্থাতেই জাল কাগজপত্র ব্যবহার বা অবৈধ ও লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া উচিত নয়। একই সঙ্গে অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেন থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

দেশগুলো সতর্ক করে জানায়, ভিসা আবেদনে ভুল বা ভুয়া তথ্য দিলে আবেদন প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে। এমনকি আর্থিক ক্ষতি, সংশ্লিষ্ট দেশে প্রবেশে নিষেধাজ্ঞা এবং আইনগত জটিলতায় পড়ার ঝুঁকিও রয়েছে।

যৌথ বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়েছে, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো নির্দিষ্ট এজেন্টের সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত নয়। যারা বিশেষ সুবিধা দিয়ে ভিসা পাইয়ে দেওয়ার দাবি করে, তারা মূলত প্রতারক চক্রের অংশ।

আবেদনকারীদের নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখতে সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট ও দাপ্তরিক চ্যানেল থেকে তথ্য যাচাই করে ভিসার আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে দেশগুলো।