ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় পাইলটকে খুঁজে পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক সরকারি কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এফ-১৫ই যুদ্ধবিমানের ওই ক্রু সদস্যকে তীব্র গোলাগুলির মধ্যে উদ্ধার করা হলেও অভিযান এখনো শেষ হয়নি। তিনি এখনও ইরানের ভেতরেই অবস্থান করছেন এবং নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারী মার্কিন দল এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে। পাইলটকে শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হলেও তাকে নিরাপদ স্থানে পৌঁছানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, ইরানের দেহদাস্তে এলাকায় রাতভর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা হয়েছে। এই অঞ্চলের কাছেই শুক্রবার ইরান একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে। এরপরই নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে তল্লাশি শুরু করে মার্কিন বাহিনী।
উদ্ধার অভিযানে অংশ নিতে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স শুক্রবার রাতে ইরানে প্রবেশ করে বলে জানা গেছে। এ সময় ইরানি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষের ঘটনাও ঘটে। সিবিএস নিউজের বরাতে জানা যায়, উদ্ধার অভিযানের সময় ইরানের হামলার মুখে পড়ে একটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার।
অন্যদিকে নিখোঁজ পাইলটকে ধরতে ইরানও ব্যাপক তল্লাশি চালায় এবং তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণার কথাও জানায়।
সর্বশেষ পাওয়া তথ্যে, মার্কিন বাহিনী পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হলেও তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। পাশাপাশি উদ্ধারকারী দলকে নিরাপদে ফিরিয়ে আনা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।