মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সৌদি আরবে কর্মরত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের কিছু মার্কিন কর্মীকে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘অর্ডারড ডিপারচার’ নামে বাধ্যতামূলক প্রত্যাহার নির্দেশনা জারি করেছে। এর আওতায় নির্দিষ্ট সংখ্যক মার্কিন কূটনৈতিক কর্মীকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ সিদ্ধান্ত থেকে বোঝা যায় যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ে। সেই ঘটনার পর এই প্রথম সৌদি আরবের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কূটনৈতিক কর্মীদের প্রত্যাহারের অনুমোদন দেওয়া হলো।
এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত অপ্রয়োজনীয় মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় দেশ ত্যাগের সুযোগ দেওয়া হয়েছিল। তবে সে সময় কোনো বাধ্যতামূলক নির্দেশনা জারি করা হয়নি।
নতুন এ সিদ্ধান্ত সম্পর্কে অবহিত কয়েকজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়েই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি তাদের নেই।