ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
শনিবার (৭ মার্চ) ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রাদেশিক প্রশাসনের তথ্য অনুযায়ী, শনিবার ইসফাহান শহরসহ প্রদেশের একাধিক এলাকায় এই হামলা চালানো হয়। এতে বেসামরিক হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
ইসফাহান প্রদেশের গভর্নরের দপ্তরের নিরাপত্তা কর্মকর্তা আকবর সালেহি বলেন, ‘এই হামলায় একজন নারীসহ আটজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।’
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান ইসফাহান শহর ছাড়াও প্রদেশের আরও কয়েকটি শহরে হামলা চালায়। হামলায় ইসফাহান শহরের পাশাপাশি লেনজান ও বোরখার এলাকাতেও ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় প্রশাসনের হিসাব অনুযায়ী, এসব হামলায় প্রায় ৮০টি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা ও ক্ষয়ক্ষতির হিসাব চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।