সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইরানের তেল স্থাপনায় ইসরায়েলি হামলা, তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী


প্রকাশ :

ইরানের রাজধানী তেহরানে তেল সংরক্ষণ স্থাপনায় আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের তেল মজুত রাখার কয়েকটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্স লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর এটি একটি “গুরুত্বপূর্ণ সামরিক হামলা”। তাদের দাবি, ইরানের শাসকগোষ্ঠী এসব জ্বালানি ট্যাংক নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনায় ব্যবহার করে আসছে।

ইসরায়েলি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, সংঘাতের পরবর্তী ধাপ শুরু হওয়ার প্রেক্ষাপটে ইরানের তেল অবকাঠামোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আইডিএফ আরও দাবি করেছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে একাধিক স্থাপনায় অতিরিক্ত হামলা চালানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত ভিডিও ফুটেজে তেহরানের শাহরান তেল শোধনাগার এলাকা থেকে আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার আইডিএফ প্রধান জেনারেল ইয়াল জামির ঘোষণা দেন, ইরানের বিরুদ্ধে নতুন ধাপের সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। এই হামলাকে সেই অভিযানেরই অংশ বলে ধারণা করা হচ্ছে।