চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের এই সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। তবে গ্রহণ চলাকালে বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকায় দেশ থেকে এটি দেখা সম্ভব হবে না।
বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকার কিছু এলাকা থেকে সূর্যগ্রহণটি সরাসরি দেখা যাবে।
জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, চাঁদ যখন পৃথিবী থেকে তুলনামূলক দূরে অবস্থান করে, তখন আকাশে সেটিকে ছোট দেখায়। ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না এবং সূর্যের চারপাশে উজ্জ্বল আলোর বলয় তৈরি হয়। মাঝখানে অন্ধকার ও চারদিকে আলোয় বেষ্টিত এই দৃশ্যকে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হয়।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতোই বলয়গ্রাস গ্রহণের সময়ও একটি নির্দিষ্ট ছায়াপথ তৈরি হয়। পৃথিবীর যেসব অঞ্চল এই ছায়াপথের মধ্যে পড়ে, সেখান থেকেই গ্রহণটি স্পষ্টভাবে দেখা যায়।