পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান–এর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তার স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা ও গুঞ্জনের মধ্যে অবশেষে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
দেশটির সর্বোচ্চ আদালতে জমা দেওয়া একটি মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়, আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের দৃষ্টিশক্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তার দৃষ্টিশক্তির বড় একটি অংশ কমে গেছে, যা নিয়ে চিকিৎসকদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শনিবার রাতে সরকারের পক্ষ থেকে তাকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে এবং একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে জানানো হয়েছে।
দেশটির সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, ইমরান খানকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগও দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে নেওয়া হবে।
এর আগে, ইমরান খানের সুচিকিৎসার দাবিতে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক গোষ্ঠী সংসদ ভবনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করে। বিরোধী নেতারাও আন্দোলনে অংশ নিয়ে তার চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।
রাজনৈতিক অঙ্গনে চলমান উত্তেজনার মধ্যেই ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে, যা পাকিস্তানের রাজনীতিতে আরও চাপ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।