আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে আল-আকসা মসজিদ–এ মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছেন জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি। খবর বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির।
আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মুসলিমরা বরাবরের মতো আশা ও ধর্মীয় আবেগ নিয়ে রমজানকে স্বাগত জানালেও জেরুজালেমের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। তার দাবি, দখলদার কর্তৃপক্ষ আল-আকসা মসজিদে আগত মুসল্লিদের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তুতি নিচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে কয়েক ডজন তরুণকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীর থেকে আগত মুসল্লিদের জন্য রমজান মাসে কোনো ধরনের বিধিনিষেধ শিথিল না করার কথাও জানিয়েছে ইসরায়েলি প্রশাসন।
শেখ একরিমা সাবরির ভাষ্য অনুযায়ী, নতুন এই পদক্ষেপের ফলে চলতি রমজানে আল-আকসায় মুসল্লিদের উপস্থিতি আগের বছরের তুলনায় কমতে পারে। তিনি মনে করেন, এ ধরনের কড়াকড়ি ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী এবং মুসলমানদের ইবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
এদিকে সাম্প্রতিক সময়ে পূর্ব জেরুজালেমের শত শত ফিলিস্তিনি বাসিন্দার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে। এসব নিষেধাজ্ঞার আওতায় অনেককে রমজান মাসে আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না, যার কিছু মেয়াদ ছয় মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।