ভারতের জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন সেনা সদস্য। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে অভিযানে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাকবলিত যানটি ছিল ‘ক্যাসপির’ মডেলের একটি বুলেটপ্রুফ সামরিক যান। পাহাড়ি পথে চলাচলের সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহত সেনা সদস্যদের দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ডোডায় সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন সাহসী সেনা সদস্যের প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত। দেশের নিরাপত্তায় তাঁদের অসামান্য অবদান ও আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, শোকাহত পরিবারগুলোর পাশে পুরো দেশ ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি