মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক আলোচনার পথ খুলে দিয়ে সুদানের দীর্ঘদিনের সংঘাত থামাতে এবার উদ্যোগ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধেই তিনি এই ভূমিকা নিতে রাজি হয়েছেন।
ট্রাম্প তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে স্বীকার করেন, সুদানে মানবিক পরিস্থিতি ভয়াবহ। তিনি জানান, শিগগিরই সংযুক্ত আরব আমিরাত, মিসর, সৌদি আরবসহ বিভিন্ন আঞ্চলিক মধ্যস্থতাকারীর সঙ্গে সমন্বয় করে সংকট সমাধানে কাজ শুরু করবে যুক্তরাষ্ট্র।
তার ভাষায়, সৌদি যুবরাজ ব্যক্তিগতভাবে চেয়েছেন তিনি সুদান ইস্যুতে দৃঢ়ভাবে এগিয়ে আসুন। শুরুতে এতে জড়ানোর ইচ্ছা তার ছিল না, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে মনে হচ্ছিল। পরে বিষয়টির আঞ্চলিক গুরুত্ব বুঝে তিনি আলোচনায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।
এর আগে যুক্তরাষ্ট্র সফরে ইয়েমেন ও সুদানসহ আঞ্চলিক ইস্যুতে ট্রাম্পের সক্রিয় ভূমিকা চান সৌদি ক্রাউন প্রিন্স। যদিও ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক সময়ে তিনি সাতটি যুদ্ধ থামানোর প্রচেষ্টা চালিয়েছেন—এ নিয়ে আন্তর্জাতিক মহলে বিস্তর বিতর্ক আছে।
তথ্যসূত্র: রয়টার্স