রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মালিতে সেনা অভিযানে দুই গ্রামে গণহত্যা, প্রাণ গেল ৩১ জনের


প্রকাশ :

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক বাহিনীর অভিযানে সেগু অঞ্চলের দুটি গ্রামে অন্তত ৩১ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই তথ্য তুলে ধরে এক প্রতিবেদনে জানিয়েছে, সেনাবাহিনী ও তাদের ঘনিষ্ঠ মিলিশিয়ারা আল-কায়েদা-সমর্থিত বিদ্রোহীদের সহযোগী সন্দেহে গ্রামবাসীদের টার্গेट করে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রথম হামলাটি হয় ২ অক্টোবর কামোনা গ্রামে। সেখানে সেনা ও সহযোগী মিলিশিয়া সদস্যরা অন্তত ২১ জন পুরুষকে হত্যা করে, কয়েকটি বাড়ি পুড়িয়ে দেয়। এর প্রায় ৫৫ কিলোমিটার দূরে বালে গ্রামে দ্বিতীয় হামলায় প্রাণ হারান আরও ১০ জন। নিহতদের মধ্যে একজন নারীও ছিলেন।

সাক্ষীদের বরাতে এইচআরডব্লিউ জানায়, সেনারা গ্রামবাসীদের জেএনআইএম—জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন—গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের অভিযোগে ধরে নিয়ে সরাসরি গুলি করে। আল-কায়েদা-ঘনিষ্ঠ এই জঙ্গিগোষ্ঠী সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণাঞ্চলে আরও প্রভাব বাড়িয়েছে।

এক স্থানীয় রাখাল জানান, হামলার সময় তিনি তার নয় বছরের মেয়েকে নিয়ে একটি পরিত্যক্ত ঘরে লুকিয়ে প্রাণে বাঁচেন। পরে বাইরে এসে গুলিবিদ্ধ ১৭টি লাশ পড়ে থাকতে দেখেন।

এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত মালি সেনাবাহিনী বা আফ্রিকান ইউনিয়নের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিউম্যান রাইটস ওয়াচ মালি সরকারের কাছে হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত দাবি করেছে। পাশাপাশি আফ্রিকান ইউনিয়নকে সংঘাত কমাতে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে।

মালি ইতোমধ্যেই জঙ্গি হামলার চাপের মুখে আছে। জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশজুড়ে তৈরি হয়েছে বড় সংকট, পেট্রোলপাম্পগুলোতে লম্বা লাইন পড়ছে, ডিজেল জেনারেটর চালানো ব্যয় বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জঙ্গিরা অদূর ভবিষ্যতে রাজধানী বামাকো দখল করে নেবে—এমন ধারণা বাস্তবতার সঙ্গে মিলে না।