মদিনার কাছাকাছি একটি মহাসড়কে ওমরাহযাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেলবাহী ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে ভারতীয় সময় গভীর রাতে মুফরিহাত এলাকায়, যখন বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল।
স্থানীয় গণমাধ্যম জানায়, নিহতদের বড় অংশ ভারতীয় নাগরিক এবং বেশ কয়েকজন তেলেঙ্গানার হায়দরাবাদ অঞ্চলের বাসিন্দা। সংঘর্ষের পর মুহূর্তেই বাসে আগুন ধরে যায়। যাত্রীদের অনেকে ঘুমিয়ে থাকায় বেরিয়ে আসার সুযোগ পাননি। উদ্ধারকর্মীরা জানান, অতিরিক্ত দগ্ধ হওয়ায় অনেক মরদেহ শনাক্ত করতেও সমস্যা হচ্ছে।
এখন পর্যন্ত অন্তত ১১ নারী এবং ১০ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে একজন—মোহাম্মদ আবদুল শোয়াইব—হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা এখনও স্পষ্ট নয়।
দুর্ঘটনার পর তেলেঙ্গানা সরকার রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি সংশ্লিষ্ট দফতরগুলোকে নিহতদের পরিচয় নিশ্চিতকরণ, তথ্য সংগ্রহ এবং পরিবারগুলোর সহায়তার জন্য বিশেষ সেল গঠনের নির্দেশ দিয়েছেন।
হায়দরাবাদ থেকে নির্বাচিত এমপি আসাদুদ্দিন ওয়াইসি জানান, বাসটিতে মোট ৪২ জন ওমরাহযাত্রী ছিলেন। তিনি রিয়াদের ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করার অনুরোধ করেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গভীর শোক জানিয়ে বলেন, রিয়াদ ও জেদ্দার ভারতীয় মিশন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং সব ধরনের সহায়তা দিচ্ছে। আহতদের দ্রুত সুস্থতার জন্য তিনি প্রার্থনা জানান।
সূত্র: এনডিটিভি