চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে লাদাখে নতুন একটি বিমানঘাঁটির কার্যক্রম শুরু করেছে ভারত। সীমান্তবর্তী নিয়োমা এলাকায় স্থাপিত এই ঘাঁটি যুদ্ধবিমান পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং একটি সি-১৩০জে সামরিক পরিবহন বিমান অবতরণের মধ্য দিয়ে ঘাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রয়টার্স জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত নিয়োমা বিমানঘাঁটি ভারতীয় সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে। এটি চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানায়, সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত এলাকায় চীনের অবকাঠামো সম্প্রসারণের জবাবে ভারতও দ্রুত গতিতে সামরিক স্থাপনা ও লজিস্টিক ঘাঁটি বাড়িয়ে তুলছে। এই ঘাঁটি সেই পরিকল্পনারই অংশ।
ভারতের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “লাদাখের নিয়োমা ঘাঁটি ভারতের উত্তর সীমান্ত প্রতিরক্ষায় কৌশলগত শক্তি বাড়াবে। এটি চীন ও পাকিস্তান—দু’দেশের কাছেই নতুন বাস্তবতা তৈরি করবে।”
চীন ও ভারতের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বেশির ভাগ অংশই এখনো নির্ধারিত নয়। ১৯৬২ সালের যুদ্ধে দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছিল। সর্বশেষ ২০২০ সালে মারাত্মক সংঘর্ষের পর সম্পর্ক তিক্ত হয়ে ওঠে, যদিও সাম্প্রতিক সময়ে উভয় দেশ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরুজ্জীবনের উদ্যোগ নিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি সত্ত্বেও সীমান্তে অবিশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতা এখনো বহাল রয়েছে। নিয়োমা ঘাঁটির উদ্বোধন সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে তুলেছে।