চীন ও পাকিস্তান যৌথভাবে এমন একটি স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে, যার মাধ্যমে ভারতের সামরিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর নজরদারি সক্ষমতা বাড়তে পারে। ২০২৫ সালে ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের সময় দুই দেশের মহাকাশভিত্তিক নজরদারি সহযোগিতা আরও জোরদার হয়েছিল বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ভারতীয় মহাকাশ নজরদারি প্রতিষ্ঠান দিগন্তরার তৈরি ওই প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন সিঁদুর চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণে চীনের স্যাটেলাইট সক্ষমতা ব্যবহার করা হয়ে থাকতে পারে। প্রতিবেদনটির অনুলিপি পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
প্রতিবেদনে চীনের উচ্চক্ষমতাসম্পন্ন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ইয়াওগান-৪১-এর ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। স্যাটেলাইটটি পুরো ভারতীয় উপমহাদেশে নজরদারি চালাতে সক্ষম বলে উল্লেখ করা হয়েছে। অপারেশন সিঁদুর চলাকালে ভারতের বিমানঘাঁটিগুলো পর্যবেক্ষণে এটি ব্যবহৃত হয়ে থাকতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
চীনের সহায়তায় পাকিস্তানের ছয় স্যাটেলাইট
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাকিস্তান ছয়টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি চীনের উৎক্ষেপণকেন্দ্র থেকে দেশটির রকেটের মাধ্যমে পাঠানো হয়।
স্যাটেলাইটগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট আর্থ অবজারভেশন-১ (PRSC-EO1), PRSS-2, HS-1, PRSC-EO2 ও PRSC-EO3।
এসব স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ছবি ও তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়ছে পাকিস্তানের। একই সঙ্গে চীনের বিদ্যমান মহাকাশ নজরদারি নেটওয়ার্কের সঙ্গে সমন্বয়ের ফলে ভারতের সামরিক অবকাঠামো, সীমান্তবর্তী স্থাপনা, বিমানঘাঁটি ও নৌ-স্থাপনাগুলোর ওপর পর্যবেক্ষণের সুযোগ বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আগে থেকেই চলছিল মহাকাশ সহযোগিতা
দিগন্তরার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সহযোগিতায় পাকিস্তানের স্যাটেলাইট কার্যক্রম ২০২৫ সালের আগেই শুরু হয়েছিল। ২০১৮ সাল থেকে PRSS-1, পাক টিইএস-১এ, আইকিউব-কিউসহ বিভিন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এসব স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ছবি সংগ্রহ ও পর্যবেক্ষণ করা সম্ভব।
প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইটগুলোর কক্ষপথ ও কার্যক্রম এমনভাবে সমন্বয় করা হচ্ছে, যাতে একটি স্যাটেলাইটের পর্যবেক্ষণ শেষ হলে অন্যটি একই অঞ্চলের ওপর নজরদারি চালাতে পারে। এতে নির্দিষ্ট অঞ্চলের ওপর পর্যবেক্ষণের ধারাবাহিকতা বাড়ানো সম্ভব।
পাকিস্তানের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট PRSS-1 ২০১৮ সালের জুলাইয়ে উৎক্ষেপণ করা হয়। এতে ইলেকট্রো-অপটিক্যাল ইমেজিং প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে প্যানক্রোম্যাটিক ও মাল্টিস্পেকট্রাল ছবি সংগ্রহ করা যায়। পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকোর তথ্য অনুযায়ী, স্যাটেলাইটটি চার দিন পরপর পৃথিবীর যেকোনো স্থানের ছবি ধারণ করতে সক্ষম।
এ ছাড়া ২০২৪ সালে চীনের সহায়তায় উৎক্ষেপণ করা পাকস্যাট-এমএম ১ স্যাটেলাইটটি পাকিস্তান ও আশপাশের অঞ্চলে যোগাযোগসেবা প্রদানের জন্য তৈরি করা হয়েছে।
মহাকাশ নজরদারিতেও বাড়ছে পাকিস্তানের অংশগ্রহণ
প্রতিবেদনে এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেজড স্পেস অবজারভেশন সিস্টেম (এপিওএসওএস) প্রকল্পে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশনের অধীনে পরিচালিত এই প্রকল্পে ভূমিতে স্থাপিত অপটিক্যাল টেলিস্কোপের মাধ্যমে মহাকাশের বিভিন্ন বস্তুর অবস্থান ও গতিপথ পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে কক্ষপথে থাকা স্যাটেলাইটও রয়েছে।
প্রকল্পের আওতায় পাকিস্তানে একটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। অন্য দুটি কেন্দ্র রয়েছে পেরু ও ইরানে। এসব কেন্দ্র থেকে সংগৃহীত তথ্য চীনের বেইজিংয়ে অবস্থিত ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজে পাঠানো হয়।
বিশ্লেষকদের মতে, চীন ও পাকিস্তানের মধ্যে মহাকাশ প্রযুক্তি এবং স্যাটেলাইট নজরদারি সহযোগিতা বাড়ার ফলে দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতিতে নতুন মাত্রা যুক্ত হতে পারে। এ পরিস্থিতিতে ভারতের নিজস্ব মহাকাশ নজরদারি ও প্রযুক্তিগত সক্ষমতা আরও জোরদার করার প্রয়োজনীয়তাও বাড়ছে।
সূত্র: দ্য প্রিন্ট
সৌদি ভূখণ্ডে হুথিদের দখল, দাবি টাকার কার্লসনের
১ সপ্তাহ আগে