জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে তিনটির বিরোধিতার মুখে পড়েছেন। শুক্রবার অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক গোপন ভোটে তিনি ছয়টি অসমর্থনমূলক ভোট পেয়েছেন। এর মধ্যে তিনটি এসেছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কাছ থেকে।
বৈশ্বিক অ্যাডভোকেসি গ্রুপ ‘১ ফর ৮ বিলিয়ন’-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এই ভোটে নুসেইবেহ সাতটি সমর্থনমূলক, দুটি মতামতহীন এবং ছয়টি অসমর্থনমূলক ভোট পেয়েছেন। ধারণা করা হচ্ছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্র তাঁর পক্ষে থাকলেও চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য তাঁর বিরোধিতা করেছে।
নুসেইবেহ নির্বাচিত হলে জাতিসংঘের ৮০ বছরের ইতিহাসে প্রথম নারী মহাসচিব হবেন। গত মাসে তিনি প্রার্থিতা ঘোষণা করেন। তবে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সুদানের গৃহযুদ্ধে নৃশংসতার অভিযোগে অভিযুক্ত আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রতি সমর্থনের অভিযোগ তাঁর প্রার্থিতাকে বিতর্কের মুখে ফেলেছে।
গত বছর সুদান জাতিসংঘের সর্বোচ্চ আদালতে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মামলা করে। দেশটির অভিযোগ, আরএসএফকে অস্ত্র ও অর্থায়নের মাধ্যমে আমিরাত গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। তবে সংযুক্ত আরব আমিরাত এ অভিযোগ অস্বীকার করে মামলাটিকে ‘নিছক একটি কপট প্রচারণামূলক কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছে।
শুক্রবারের ভোট ছিল মহাসচিব পদপ্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত প্রথম প্রাথমিক ভোট, যেখানে নিরাপত্তা পরিষদের সদস্যদের সমর্থন, মতামতহীন ও অসমর্থনমূলক ভোটের সংখ্যা প্রকাশ করা হয়েছে। আটজন প্রার্থীর মধ্যে নুসেইবেহ তৃতীয় স্থানে রয়েছেন।
অন্যদিকে, কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান ১০টি সমর্থনমূলক, একটি মতামতহীন এবং চারটি অসমর্থনমূলক ভোট পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। তাঁর বিরুদ্ধে আসা চারটি অসমর্থনমূলক ভোটের মধ্যে দুটি এসেছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কাছ থেকে। ধারণা করা হচ্ছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্র তাঁর বিরোধিতা করছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ থেকে পালিয়ে আসা শরণার্থীদের সন্তান গ্রিনস্প্যান নির্বাচিত হলে তিনিও জাতিসংঘের প্রথম নারী এবং প্রথম ইহুদি মহাসচিব হবেন। জাতিসংঘের এই অভিজ্ঞ কর্মকর্তা ও কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট এর আগে অনুষ্ঠিত আটটি প্রাথমিক ভোটের সাতটিতেই শীর্ষে ছিলেন।
জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি সামগ্রিকভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি আটটি সমর্থনমূলক, একটি মতামতহীন এবং ছয়টি অসমর্থনমূলক ভোট পেয়েছেন। তাঁর বিরুদ্ধে আসা ছয়টি ভোটের মধ্যে তিনটি দিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা।
গায়ানার জাতিসংঘের রাষ্ট্রদূত ক্যারোলিন রড্রিগেস-বির্কেট রয়েছেন চতুর্থ স্থানে। তিনি ছয়টি সমর্থনমূলক, তিনটি মতামতহীন ও ছয়টি অসমর্থনমূলক ভোট পেয়েছেন। তাঁর বিরুদ্ধে আসা দুটি ভোট এসেছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কাছ থেকে।
নেতৃত্বশূন্য হওয়ার শঙ্কা জাতিসংঘে
শুক্রবারের প্রাথমিক ভোটের ফলাফল জাতিসংঘের নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। কূটনীতিকদের আশঙ্কা, আগামী ৩১ ডিসেম্বর বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হলেও তাঁর উত্তরসূরি নির্বাচন সম্ভব না হলে সংস্থাটি সাময়িকভাবে নেতৃত্বশূন্য হয়ে পড়তে পারে।
নতুন মহাসচিবকে একাধিক বৈশ্বিক সংকট মোকাবিলা করতে হবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের আর্থিক অনুদান কমিয়ে দেওয়া এবং ১৯৩ সদস্যের সংস্থাটির রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন। ইতোমধ্যে ওয়াশিংটন জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ ও অস্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া এবং নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধর দেশগুলোর মধ্যে সমঝোতার অভাব মহাসচিব নির্বাচনকে জটিল করে তুলছে। ২০১৬ সালে আন্তোনিও গুতেরেসকে নির্বাচিত করতেও নিরাপত্তা পরিষদকে ছয় দফা ভোট গ্রহণ করতে হয়েছিল।
নিরাপত্তা পরিষদের কার্যক্রম পর্যবেক্ষণকারী থিংক ট্যাংক ‘সিকিউরিটি কাউন্সিল রিপোর্ট’-এর নির্বাহী পরিচালক শামালা কান্দিয়াহ থম্পসন বলেন, নির্বাচন প্রক্রিয়া অনেক আগে শুরু হলেও বছরের শেষ পর্যায়ে এসে এখনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এতে নতুন নেতৃত্ব গঠনের ক্ষেত্রে উদ্বেগ তৈরি হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা কিরিল লগভিনভ গত সপ্তাহে রুশ সংবাদ সংস্থা তাসকে বলেন, ৩১ ডিসেম্বরের পর কী ঘটবে, তা এখনো স্পষ্ট নয়। সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে রয়েছে গুতেরেসের মেয়াদ সাময়িকভাবে বাড়ানো অথবা অন্য কোনো কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া।
জাতিসংঘের সাবেক কর্মকর্তা ড্যানিয়েল সাফরান-হন বলেন, ১ জানুয়ারি যদি নতুন কোনো মহাসচিব না থাকেন, তাহলে সংস্থাটির নেতৃত্বে শূন্যতা তৈরি হতে পারে। তবে এতে জাতিসংঘের সামগ্রিক কার্যক্রম বন্ধ হবে না। নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের বৈঠক চলতে পারবে।
তবে মহাসচিব না থাকলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত, জ্যেষ্ঠ পদে নিয়োগ এবং বাজেট নির্ধারণের মতো দায়িত্ব পালনে জটিলতা তৈরি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক সুপারিশ প্রয়োজন হবে। এ জন্য ১৫ সদস্যের পরিষদের অন্তত নয়টি ইতিবাচক ভোট পেতে হবে এবং পাঁচ স্থায়ী সদস্যের কারও কাছ থেকে অসমর্থনমূলক ভোট পাওয়া যাবে না। এরপর সাধারণ পরিষদে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক।