রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের খোঁজ পাচ্ছে না আইএইএ


প্রকাশ : (১৯ ঘন্টা আগে)
ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের খোঁজ পাচ্ছে না আইএইএ

ইরানের কাছে মজুত থাকা প্রায় ৪৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান শনাক্ত করতে পারছে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এসব ইউরেনিয়াম শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে, নাকি অন্য কোনো উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হয়েছে, তা নিয়েও উদ্বেগ রয়েছে সংস্থাটির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অসহযোগিতার কারণে দেশটির পরমাণু উপাদানের মজুত, অবস্থান ও ব্যবহার যাচাই করতে পারছে না আইএইএ। সম্প্রতি প্রকাশিত এক গোপন প্রতিবেদনে এ উদ্বেগের কথা জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের ঘোষিত পরমাণু উপাদান শান্তিপূর্ণ কর্মসূচির বাইরে অন্য কোনো কাজে স্থানান্তর করা হয়নি, এমন নিশ্চয়তা দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য আইএইএর হাতে নেই।

ইরানের ইসফাহানে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। গত বছর এ স্থাপনার অস্তিত্ব সম্পর্কে আইএইএকে জানিয়েছিল তেহরান। তবে এখন পর্যন্ত সেখানে পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি। ফলে স্থাপনাটির সঠিক অবস্থান, বর্তমান অবস্থা এবং সেখানে কোনো পরমাণু উপাদান মজুত রয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি আইএইএ।

২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়। এতে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একাধিক কেন্দ্র ধ্বংস অথবা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলার পর থেকে এসব স্থাপনায় আইএইএর পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি ইরান। এ ছাড়া গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সর্বশেষ যুদ্ধেও দেশটির পরমাণু স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

আইএইএর হিসাবের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা সাধারণত প্রায় ৯০ শতাংশ হয়ে থাকে। তবে হামলার পর থেকে ওই বিপুল পরিমাণ ইউরেনিয়ামের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পায়নি সংস্থাটি।

আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি প্রতিবেদনে বলেছেন, ইরানের পরমাণু উপাদানের মজুত ও অবস্থান যাচাইয়ের কাজ আর বিলম্ব না করে শুরু করা জরুরি। এ জন্য সংস্থাটির পরিদর্শকদের পুনরায় ইরানে প্রবেশের সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় কারিগরি পদক্ষেপ ধাপে ধাপে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে সামরিক হামলার হুমকি অব্যাহত থাকায় এ মুহূর্তে পরিদর্শন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছে তেহরান। তবে পরিস্থিতি অনুকূলে এলে পরমাণু নিরাপত্তাসংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা পুরোপুরি পালনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

এদিকে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য সরবরাহের বিনিময়ে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার মার্কিন ঘোষণারও প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ বিষয়ে ইরানের উদ্বেগের পরিপ্রেক্ষিতে আইএইএ জানিয়েছে, সংস্থাটির কাছে সংরক্ষিত সব গোপন তথ্যের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।

সূত্র: বিবিসি 

বিজ্ঞাপন