বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠাতে আগ্রহী তুরস্ক, ডা. জুবাইদার সঙ্গে এমিনে এরদোয়ানের বৈঠক


প্রকাশ : (৯ ঘন্টা আগে)
নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠাতে আগ্রহী তুরস্ক, ডা. জুবাইদার সঙ্গে এমিনে এরদোয়ানের বৈঠক

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ লক্ষ্যে বাংলাদেশে নারীস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর আগ্রহ জানিয়েছেন দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।

বুধবার (১১ নভেম্বর) আনতালিয়ায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রথম দিনেই ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের নানা প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের জনগণের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। পাশাপাশি বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ ও পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্য, বিশেষ করে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্যকে প্লাস্টিকের বিকল্প হিসেবে তুরস্কসহ আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যাগুলো বৈঠকে তুলে ধরেন। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিসহ পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তুরস্কের ফার্স্ট লেডিকে অবহিত করেন।

এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় এমিনে এরদোয়ান বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তুরস্ক সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হচ্ছে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।

বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীদের স্বাস্থ্যঝুঁকি ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির বিষয়গুলোও বৈঠকে তুলে ধরা হয়।

শামা ওবায়েদ জানান, এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান। এ লক্ষ্যে তিনি একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠাতে চান। দলটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা এবং মাতৃস্বাস্থ্যের উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে।

বৈঠকে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ানও আবার বাংলাদেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র: বাসস

 
 
 
বিজ্ঞাপন