ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিছু এলাকা দখলে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন সাংবাদিক ও পডকাস্টার টাকার কার্লসন। তাঁর দাবি, সৌদি ভূখণ্ডে হুথিদের উপস্থিতির বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে তেমন কোনো সংবাদ প্রকাশ করা হচ্ছে না।
সোমবার প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সাক্ষাৎকার নেওয়ার সময় এ দাবি করেন কার্লসন। বুধবার (১৮ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।
পডকাস্টে কার্লসন বলেন, হুথিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য প্রকৃত হুমকি হয়ে উঠেছে। তারা সৌদি আরবের একটি অংশ দখলে রেখেছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সৌদি ভূখণ্ডে হুথি বাহিনীর উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ ঘটনা, অথচ মার্কিন গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হচ্ছে কি না, তা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে।
তবে সৌদি আরবের কোন এলাকা হুথিরা দখলে রেখেছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ তুলে ধরেননি কার্লসন। তিনি এ তথ্যের উৎসও প্রকাশ করেননি। তবে তাঁর দাবি, সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের কয়েকজন নেতার সঙ্গে তাঁর কথা হয়েছে।
এর আগে গত ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছিল, হুথিরা সৌদি আরবে অভিযান চালিয়েছে। সূত্রগুলোর দাবি অনুযায়ী, গত অক্টোবরে এসব হামলা চালানো হয়। তবে হামলার পর হুথিরা সৌদি ভূখণ্ডে অবস্থান করছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার সীমান্ত অঞ্চল দুর্গম পাহাড় ও বিস্তীর্ণ মরুভূমিতে ঘেরা। নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় সাংবাদিকদের প্রবেশও কঠোরভাবে সীমিত। অতীতের সংঘাতের কারণে সীমান্তবর্তী অনেক গ্রাম জনশূন্য হয়ে পড়েছিল।
বর্তমানে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত দেশটির অভ্যন্তরেই কেন্দ্রীভূত। হুথিরা রাজধানী সানাসহ দেশটির গুরুত্বপূর্ণ বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করছে।
উল্লেখ্য, ১৯৩৪ সালের তাইফ চুক্তির মাধ্যমে ইয়েমেন আসির, জাজান ও নাজরান—এই তিনটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সৌদি আরবের কাছে ছেড়ে দেয়। হুথিরা দীর্ঘদিন ধরে এসব অঞ্চলের ওপর নিজেদের দাবি জানিয়ে আসছে।
কার্লসনের মতে, হুথিদের ওপর ইরানের ব্যাপক প্রভাব রয়েছে। তবে এই গোষ্ঠীকে সহায়তা করার পেছনে অন্য শক্তিরও ভূমিকা থাকতে পারে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে তিনি সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
সূত্র: মিডল ইস্ট আই