মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো কি সম্ভব? দীর্ঘদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা থেকে এ প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিসহ বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠানে চলছে বার্ধক্য ধীর করা ও মানুষের আয়ু বাড়ানোর নানা গবেষণা। তবে এখন পর্যন্ত মানুষের আয়ু ১৫০ বছরে পৌঁছানোর কোনো কার্যকর পদ্ধতি আবিষ্কৃত হয়নি।
বিজ্ঞানীদের মতে, ক্যানসার, হৃদ্রোগসহ বড় কোনো রোগ না থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরের স্বাভাবিক সক্ষমতা কমতে থাকে। শরীরের বিভিন্ন কোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্ষমতায় পরিবর্তন আসে। ফলে শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এ কারণে মানুষের আয়ুর একটি প্রাকৃতিক সীমা থাকতে পারে বলে মনে করছেন গবেষকদের কেউ কেউ।
২০২১ সালের মে মাসে নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় মানুষের বার্ধক্যের গতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। সিঙ্গাপুরভিত্তিক জেরো প্রতিষ্ঠানের তৎকালীন গবেষক টিমোথি পাইরকভ ও তাঁর সহকর্মীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ার তিনটি বড় জনগোষ্ঠীর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন।
গবেষণায় রক্তকণিকার সংখ্যা এবং দৈনিক হাঁটার পদক্ষেপের পরিবর্তন পর্যবেক্ষণ করে বয়স বাড়ার সঙ্গে শরীরের স্থিতিশীলতা ও পুনরুদ্ধার ক্ষমতার পরিবর্তন মূল্যায়ন করা হয়। এতে দেখা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগ না থাকলেও শরীরের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার ক্ষমতা কমে যায়। ফলে অসুস্থতা বা শারীরিক ধকল কাটিয়ে উঠতে বেশি সময় প্রয়োজন হয়।
তবে মানুষের আয়ু বাড়ানোর সম্ভাবনা নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামার বিজ্ঞানী স্টিভেন অস্টাড। তাঁর মতে, প্রাণীর ওপর পরিচালিত গবেষণা এবং মানুষের ওপর চলমান কিছু গবেষণায় দীর্ঘায়ুর ক্ষেত্রে আশাব্যঞ্জক ফল পাওয়া যাচ্ছে। আয়ু বাড়ানোর সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা দেখছেন তিনি।
অন্যদিকে শিকাগোর ইউনিভার্সিটি অব ইলিনয়ের বিজ্ঞানী জে ওলশানস্কি মনে করেন, প্রচলিত চিকিৎসাবিজ্ঞানের মাধ্যমে মানুষের গড় আয়ু বৃদ্ধির সুযোগ সীমিত হয়ে এসেছে। তাঁর মতে, মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়াতে হলে শুধু রোগের চিকিৎসা করলেই হবে না, বরং বার্ধক্যের জৈবিক প্রক্রিয়াকে ধীর করতে হবে।
বার্ধক্য নিয়ে গবেষণায় ক্যালরি গ্রহণ সীমিত রাখা, কোষের কার্যক্ষমতা বজায় রাখা এবং ডিএনএ মেরামতের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। প্রাণীর ওপর পরিচালিত কিছু গবেষণায় দেখা গেছে, নিয়ন্ত্রিত ক্যালরি গ্রহণ বার্ধক্যের গতি কমাতে ভূমিকা রাখতে পারে। তবে প্রাণীর ক্ষেত্রে পাওয়া ফলাফল মানুষের ক্ষেত্রেও একইভাবে কার্যকর হবে, এমন নিশ্চয়তা নেই।
এ ছাড়া সার্টুইনস নামের একধরনের জিন ও প্রোটিন নিয়েও গবেষণা চলছে। এগুলো কোষের ডিএনএ রক্ষণাবেক্ষণ ও মেরামতে ভূমিকা রাখে। গবেষকদের ধারণা, সার্টুইনসের কার্যকারিতা বাড়ানো গেলে স্বাস্থ্যকরভাবে বেঁচে থাকার সময় বাড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।
বার্ধক্যরোধী গবেষণায় সিনোলাইটিকস নামের একধরনের ওষুধ নিয়েও পরীক্ষা চলছে। এসব ওষুধের লক্ষ্য হলো শরীরে জমে থাকা অকার্যকর বা ক্ষতিগ্রস্ত কোষ দূর করা। প্রাণীর ওপর কিছু গবেষণায় আশাব্যঞ্জক ফল পাওয়া গেলেও মানুষের ক্ষেত্রে এখন পর্যন্ত প্রত্যাশিত সাফল্য আসেনি।
বিজ্ঞানী স্টিভেন অস্টাডের ধারণা, মানুষের বার্ধক্যরোধী চিকিৎসায় কার্যকর ও নিরাপদ পদ্ধতি প্রয়োগ করতে আরও দুই থেকে তিন দশক সময় লাগতে পারে। কারণ, দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এসব চিকিৎসা কার্যকর কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।
সব মিলিয়ে মানুষের আয়ু ১৫০ বছর হওয়া এখনো বিজ্ঞানীদের জন্য বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হলে মানুষের আয়ু বাড়তে পারে। তবে গবেষকদের মতে, শুধু দীর্ঘদিন বেঁচে থাকাই নয়, সুস্থ ও কর্মক্ষম অবস্থায় দীর্ঘ জীবন কাটানোই হওয়া উচিত দীর্ঘায়ু গবেষণার প্রধান লক্ষ্য।
সূত্র: নেচার ও সায়েন্টিফিক আমেরিকান