মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

 ভ্যাট রিটার্নে বড় পরিবর্তন, প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে জমা


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
 ভ্যাট রিটার্নে বড় পরিবর্তন, প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে জমা

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। নতুন নিয়মে প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে হবে।

এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধ্যাদেশের খসড়া উপস্থাপন করে।

মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটি হলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবে।

বর্তমানে প্রতি তিন কর মেয়াদ শেষে একবার দাখিলপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে ভ্যাট রিটার্ন জমার ব্যবধান কমে আসবে এবং করদাতাদের আরও ঘন ঘন রিটার্ন দাখিল করতে হবে।

মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতেই দাখিলপত্র পেশের বিধানে এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়াটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


ইত্তেফাক/আরএইচ

বিজ্ঞাপন