সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

নতুন এলাকা নিয়ে বাড়ছে লালমনিরহাট পৌরসভার পরিধি


প্রকাশ : (১ দিন আগে)
নতুন এলাকা নিয়ে বাড়ছে লালমনিরহাট পৌরসভার পরিধি

লালমনিরহাট পৌরসভার পৌর এলাকার সীমানা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পৌরসভার আশপাশের কয়েকটি গ্রামের নির্দিষ্ট মৌজা ও দাগ নম্বরের জমিকে শহর এলাকার আওতায় আনার অভিপ্রায় জানিয়ে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে এস. আর. ও. নং ৩৫৪-আইন/২০২৬ উল্লেখ করে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে লালমনিরহাট পৌরসভার পৌর এলাকার সীমানা সম্প্রসারণের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে।
গেজেটে লালমনিরহাট জেলার আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলার চারটি মৌজার নির্দিষ্ট অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মৌজার জে এল নং ১৫-এর ৩০০১ থেকে ৪২২৩ নম্বর দাগ এবং একই ইউনিয়নের সাপ্টিবাড়ী মৌজার জে এল নং ১৬-এর নির্দিষ্ট কয়েকটি দাগ রয়েছে।
এ ছাড়া লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা মৌজার জে এল নং ১৯-এর বিভিন্ন দাগ এবং একই ইউনিয়নের তেলীপাড়া মৌজার জে এল নং ২২-এর ১-১৭, ৭৩ ও ১০৬২-১০৬৬ নম্বর দাগও প্রস্তাবিত সম্প্রসারিত এলাকার তালিকায় রাখা হয়েছে।
সরকারি গেজেটে এসব এলাকার সুনির্দিষ্ট দাগ নম্বর উল্লেখ করে পৌর এলাকার সীমানা সম্প্রসারণের অভিপ্রায় প্রকাশ করা হয়েছে। এর ফলে লালমনিরহাট পৌরসভার বর্তমান সীমানার বাইরে থাকা এসব এলাকার একটি অংশ ভবিষ্যতে পৌর এলাকার আওতায় আসার প্রক্রিয়ায় রয়েছে।
তবে গেজেটের এই প্রজ্ঞাপনে সরাসরি ‘নতুন দুটি ওয়ার্ড যুক্ত হয়েছে’ তবে নিদিষ্ট করে বলা হয়নি। এটি পৌরসভার সীমানা সম্প্রসারণের অভিপ্রায়সংক্রান্ত প্রজ্ঞাপন। পরবর্তী প্রক্রিয়ায় চূড়ান্ত সীমানা নির্ধারণ ও ওয়ার্ড পুনর্গঠন/সংখ্যা নির্ধারণ করা হতে পারে।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, লালমনিরহাট পৌরসভার সীমানা সম্প্রসারণের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ ও প্রচেষ্টা চালানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর দীর্ঘদিনের প্রচেষ্টার ফল হিসেবে এই গেজেট প্রকাশিত হয়েছে বলে তার অনুসারীরা দাবি করছেন।

এ কার্যক্রমে লালমনিরহাট পৌর অ্যাকশন কমিটির অন্যতম সদস্য, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের ভূমিকার কথাও উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, পৌর এলাকার সীমানা সম্প্রসারণের বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন সময়ে উঠান বৈঠকসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন