রংপুর জেলাকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত করতে ‘সেভ রংপুর’ নামে একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা নিজেদের পরিচয় গোপন রেখে অপরাধ ও অপরাধীদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য জানাতে পারবেন।
বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে ‘সেভ রংপুর’ প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, হয়রানি, সামাজিক চাপ কিংবা ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কায় অনেক নাগরিক অপরাধের তথ্য জানাতে অনাগ্রহী থাকেন। বিষয়টি বিবেচনায় রেখে ‘সেভ রংপুর’ প্ল্যাটফর্মে পরিচয় প্রকাশ না করেই নিরাপদে তথ্য দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এ প্ল্যাটফর্মে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, সন্ত্রাসবাদ, কিশোর গ্যাংয়ের অপরাধ, ইভটিজিংসহ বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের তথ্য জানানো যাবে। তথ্য দেওয়ার সময় ঘটনার স্থান ও সময়, অপরাধের ধরন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে সম্ভাব্য তথ্য উল্লেখ করা যাবে।
নাগরিকদের পাঠানো তথ্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছে যাবে। তবে কোনো তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আগে তা যাচাই-বাছাই করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের অপব্যবহার ঠেকাতেও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে ‘সেভ রংপুর’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক আল মামুন বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নিরাপদ রংপুর গড়ে তোলা সম্ভব নয়। প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যোগাযোগ আরও সহজ করবে এবং অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।
বক্তারা প্ল্যাটফর্মটি দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, যাচাইযোগ্য ও সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে সবাই রংপুরকে আরও নিরাপদ ও সচেতন অঞ্চল হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে পারেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতে নাগরিকদের সুবিধা বাড়াতে ‘সেভ রংপুর’ প্ল্যাটফর্মে আরও বিভিন্ন ফিচার যুক্ত করা হবে।
অভিযোগ বা তথ্য জানাতে ভিজিট করুন: -http://www.saverangpur.com