নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে রংপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ই নভেম্বর) রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রুপসী মুন্সীপাড়া গ্রামে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে নারী-পুরুষের সমতা এবং নারীর জীবনমান উন্নয়ন। নারী-পুরুষ সমাজের দুটি চাকা, যার একটি বাদ দিয়ে সামনে এগিয়ে চলা সম্ভব না। তাই সার্বিক উন্নয়নের লক্ষ্যে নারীদের স্বাবলম্বি করে গড়ে তুলতে উপযুক্ত শিক্ষা ও কর্মসংস্থানের কোন বিকল্প নেই। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি খাতে নারীদের জন্য অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে, যা তাদের কাজে লাগাতে উৎসাহিত করা প্রয়োজন। এছাড়া তিনি সন্তানের লালনপালনে মায়েদের ভূমিকা উল্লেখ করে বলেন, পরিবার শিশুদের প্রথম বিদ্যালয়, মা তার প্রথম শিক্ষক। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পারিবারিক শিক্ষার কোন বিকল্প নেই। শিশুদের নৈতিক শিক্ষা প্রদানে পরিবারের ভূমিকা অপরিহার্য।
বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, বাল্যবিবাহ একটি অভিশাপ এবং সমাজের অগ্রগতির পথে একটি বড়ো বাধা। এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হলে বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সোচ্চার হতে হবে। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে অবগত করতে হবে।
রংপুর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মিঠাপুকুর নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাফিউল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী উপস্থিত ছিলেন।