‘তথ্যের অধিকার সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি দুর্নীতি থেকে মুক্তি’-এই স্লোগানে আজ সকাল দশটায় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে হলরুমে সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট এর উদ্যোগে সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের অংশগ্রহণে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সনাক লালমনিরহাট এর সহ-সভাপতি রাওয়ানা মার্জিয়া এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা (অতি.দা.) রুখসানা পারভীন। তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন টিআইবি’র রংপুর ক্লাস্টারের কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা (অতি.দা.) বলেন, সঠিক তথ্য না জানলে হয়রানি ও দুর্নীতির বৃদ্ধি পায়। একইসাথে তথ্য না জানার কারণে অনেক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়না। তাই তথ্য জানা প্রতিটি নাগরিক দায়িত্ব ও কর্তব্য। তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য অধিকার আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ এবং তথ্য প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সনাক লালমনিরহটের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মোরশেদ আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ডাঃ মোঃ কাসেম আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য স্বপ্না জামান, ডা. আশিক ইকবাল মিলন।
বক্তাগণ ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে নিজ নিজ প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় স্বপ্রনোদিতভাবে তথ্য প্রকাশ, তথ্য চাওয়ার জন্য আবেদন করলে গুরুত্বসহকারে তথ্য প্রদান এবং শিক্ষার্থী ও অভিভাবকগণকে সচেতন করার মাধ্যমে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করেন।