নগরীর মাছুয়াপাড়া এলাকায় রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর মাছুয়াপাড়া মন্দিরসংলগ্ন এলাকায় অবস্থিত একটি দুইতলা বাড়ি থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের।
নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী বোলা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর মাছুয়াপাড়া মন্দিরের পাশে অবস্থিত দুইতলা বাড়িটির ওপরের তলায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল পরিবার নিয়ে বসবাস করত।
গত তিনদিন ধরে বাড়িতে তালাবদ্ধ দেখতে পায় এলাকাবাসী। তাদের ধারণা হয়তো তারা কোথাও বেড়াতে গেছে।
এদিকে কয়েকদিন ধরে কোন রকম যোগাযোগ করতে না পেরে ওই শিক্ষকের আত্মীয় স্বজন এলাকায় এসে তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়ির দোতলার সিঁড়ির কাছে স্বামী, স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পায়। পরে একটি কক্ষের ভেতরে খাটের নিচ থেকে তাদের ছোট ছেলে প্রিয়মের লাশ উদ্ধার করা হয়।
এদিকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে। প্রকৃত কারণ জানতে লাশগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ ঘটনায় বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে মহানগর পুলিশ।
রংপুরে ক্যাসিনো সম্রাট শেখ রাসেল গ্রেফতার
১৩ ঘন্টা আগে