লালমনিরহাটের আদিতমারীতে জমি বিক্রির আগে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং তা না দেওয়ায় জমি বিক্রির ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় পাঁচজনের বিরুদ্ধে। উপজেলার ভাদাই ইউনিয়নের হুরমুরিরহাট এলাকার রবীন্দ্রনাথ সিংহ (মিথুন) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় তার স্ত্রী জুঁই রানী রায় বাদী হয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সহিদার রহমান, শান্ত মিয়া বাবলু, নরেন্দ্র নাথ বর্মন, বিরেন্দ্র নাথ বর্মন ও দধি বর্মনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রবীন্দ্রনাথ সিংহ জমি বিক্রির জন্য স্থানীয় গোলাম রব্বানীর সঙ্গে কথাবার্তা বলছিলেন। এ সময় অভিযুক্তরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে জমির দলিল কীভাবে করেন তা দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ।
গত ১০ আগস্ট আদিতমারী সাব-রেজিস্ট্রি অফিসে জমি বিক্রি করে ২২ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বাদশা মাস্টারের খোলান বাড়ির সামনে অভিযুক্তরা তার পথরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রবীন্দ্রনাথ বাধা দেন। পরে লাঠি ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে তাকে মাটিতে ফেলে দেওয়া হয় এবং তার ব্যাগে থাকা ২২ লাখ টাকা নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, আহত অবস্থায় পড়ে থাকা রবীন্দ্রনাথের গলা চেপে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগকারীর দাবি।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
অভিযোগকারী জুঁই রানী রায় দাবি করেন, অভিযোগ তুলে নিতে তাদের ওপর চাপ সৃষ্টি এবং এলাকা ছাড়ার ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি বলেন।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সহিদার রহমানের ছেলে শান্ত মিয়া বলেন, ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া বা হত্যার চেষ্টার সঙ্গে তারা জড়িত নন। তার দাবি, রবীন্দ্রনাথ সিংহের সঙ্গে জমি নিয়ে পূর্বে বায়না সংক্রান্ত লেনদেনের বিষয় নিয়ে কথা বলছেন।
‘আর ২০ সেকেন্ড থাকলে আমিও মরে যেতাম’
২ দিন আগে