কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে একটি দাখিল মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সাদা পোশাকের পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাইদুর রহমান। তিনি উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্বে রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, মাদ্রাসা সুপার সাইদুর রহমান জাল সনদের মাধ্যমে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ দেন। বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জনস্বার্থে আদালতে একটি মামলা দায়ের করেন।
আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের জন্য সিআইডিকে (CID) নির্দেশ দেন। সিআইডি তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত সুপার সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার সমন জারি করেন। তবে তিনি নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত সাইদুর রহমান এর আগেও শিক্ষক নিয়োগসংক্রান্ত একটি জালিয়াতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। নিজের এসব অপকর্ম ও অপরাধ ঢাকতে তিনি একটি পত্রিকার সাংবাদিক পরিচয় ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হচ্ছে।