লালমনিরহাটের কালীগঞ্জে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) শিশু ও ব্যক্তিদের সৃজনশীল প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) কালীগঞ্জ উপজেলার অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, কালীগঞ্জের কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট ফারহানা এবং কমিউনিটি ওয়ার্কার কাম ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার মো. ফরহাদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, কালীগঞ্জের সহকারী পরিচালক মো. সামিউল মসনবী।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এনডিডি শিশু ও ব্যক্তিদের চিত্রকর্ম অতিথিরা ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এনডিডি শিশুদের প্রতিভা বিকাশে পরিবার ও সমাজের পাশাপাশি এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।