মৌসুমি ফলের সমাহার আর হরেকরকম স্বাদে অপূর্ব আনন্দঘন পরিবেশে শিক্ষক-শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রাজারহাট ইসলামিয়া মডেল মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব উৎযাপন করা হয়েছে।
শিক্ষার্থীদের পুষ্টি সচেতন করে তোলা, দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শোয়াইবুর রহমানের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মনসুর আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ এবং শাহাদাত হোসেন লাল।
ফল উৎসব অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে কৃত্রিম ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থেকে দূরে রেখে দেশীয় ফলের প্রতি আগ্রহী করে তোলা সময়ের দাবি। মৌসুমি ফল যেমন পুষ্টির চাহিদা পূরণ করে, তেমনি দেশের কৃষি, পরিবেশ ও ঐতিহ্যের সঙ্গেও নতুন প্রজন্মের আত্মিক সম্পর্ক গড়ে তোলে।
শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাঝে বিভিন্ন মৌসুমি ফল পরিবেশন করা হয়। দেশীয় ফলের বর্ণিল সমারোহে মুখর এই আয়োজন পুষ্টি, শিক্ষা ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।