লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় সড়ক ও ফুটপাতে নির্মাণ সামগ্রী (বালি) ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর অভিযোগে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ জুন) পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
জানা গেছে, মিশন মোড় এলাকায় নির্মাণ কাজে ব্যবহৃত বালি দীর্ঘ সময় ধরে সড়ক ও ফুটপাতে ফেলে রাখার কারণে পরিবেশ দূষণ ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বিষয়টি আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ১১(ঙ) বিধি লঙ্ঘনের অপরাধে মো. আশরাফ আলীকে এক মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় পুলিশ সদস্যরা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সড়ক, ফুটপাত ও জনসমাগমস্থলে নির্মাণ সামগ্রী ফেলে না রাখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হয়েছে।