রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

উৎসবমুখর পরিবেশে লালমনিরহাট চেম্বার অব কমার্সের ভোটগ্রহণ চলছে


প্রকাশ :

লালমনিরহাট ব্যবসায়ী সম্প্রদায়ের শীর্ষ সংগঠন লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৩ জুন) সকাল ৮টা থেকে শহরের নির্ধারিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। চেম্বারের সর্বোচ্চ পদ সভাপতি নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

নির্বাচনে জেলার পাঁচ উপজেলার মোট ৫৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি কেন্দ্রকে প্রাণবন্ত করে তোলে। ভোটাররা সুশৃঙ্খল পরিবেশে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন।

নির্বাচন পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির মোট ১৭টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সাধারণ ও সহযোগী সদস্যসহ সহ-সভাপতি পদও রয়েছে। ফলে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী শুধুমাত্র সভাপতি পদে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের আয়োজন করা হয়েছে।

চেম্বারের মর্যাদাপূর্ণ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই ব্যবসায়ী নেতা মকসুদুর রহমান ও সেলিম সবুজ। উভয় প্রার্থী দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী সমাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ দেখা গেছে। সকাল থেকে দুই প্রার্থীই ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, লালমনিরহাটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং বুড়িমারী স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা থেকেই তারা যোগ্য নেতৃত্ব নির্বাচনে গুরুত্ব দিচ্ছেন।

ভোট দিতে আসা একাধিক ব্যবসায়ী জানান, তারা এমন একজন সভাপতিকে নির্বাচিত করতে চান, যিনি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নতুন বিনিয়োগ আকর্ষণ, সীমান্ত বাণিজ্যের প্রসার এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন।”

তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নির্বাচন পরিচালনা পর্ষদের কর্মকর্তারা জানান, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনার কাজ শুরু হবে। গণনা শেষে দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে, চেম্বার অব কমার্সের এই নির্বাচনকে ঘিরে জেলার ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনের ফলাফলের মাধ্যমে আগামী দুই বছরের জন্য লালমনিরহাটের ব্যবসায়ী সমাজের নেতৃত্ব নির্ধারিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।