ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে চলমান উন্মাদনার মধ্যেই সেই আনন্দকে পরিবেশ সচেতনতায় রূপ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংগঠন।
‘একটি গোল, একটি চারা’ শিরোনামের এ কর্মসূচির আওতায় বিশ্বকাপ চলাকালে প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছ রোপণ করা হচ্ছে। খেলাধুলার উচ্ছ্বাসের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত দুটি খেলায় মোট পাঁচটি গোল হলে তার বিপরীতে সংগঠনের পক্ষ থেকে বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে পাঁচটি চারাগাছ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন কুমার রায় এবং অবসরপ্রাপ্ত প্রভাষক হারুন অর রশিদ। এছাড়াও অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন বলেন, ফুটবল দেশের মানুষের আবেগের জায়গা। আমরা চাই এই আবেগকে কাজে লাগিয়ে পরিবেশের জন্য ইতিবাচক কিছু করতে। প্রতিটি গোল যেন একটি গাছের মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি বার্তা হয়ে থাকে—এটাই আমাদের লক্ষ্য।
আয়োজকরা জানান, কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত চারাগাছ সংগ্রহ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।