ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম সবুজ। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোকছেদুর রহমানকে ৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
শনিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সেলিম সবুজ ২৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মোকছেদুর রহমান পান ২১৫ ভোট।
এর আগে সকাল ৯টা থেকে লালমনিরহাট চেম্বার ভবনে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তীব্র গরম উপেক্ষা করে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। মোট ৫৭৭ জন ভোটারের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ১৮টি পদের মধ্যে দুইজন সহ-সভাপতি ও ১৫ জন পরিচালক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র সভাপতি পদে দুইজন প্রার্থী থাকায় ওই পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি সেলিম সবুজ বলেন, “লালমনিরহাটের ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে আমার প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। খুব দ্রুত সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং দীর্ঘদিন বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন।