দেশের বিভিন্ন অঞ্চলে আজ সকালে বজ্রপাতের ঝুঁকি থাকায় কৃষকদের খোলা মাঠে কৃষিকাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
সোমবার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি সম্ভাব্য বজ্রপাতপ্রবণ এলাকা ও সময় উল্লেখ করে সতর্কবার্তা দেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সময়ে ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট, বগুড়া, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও বজ্রপাতের ঝুঁকি থাকতে পারে বলে জানান তিনি।
এ কারণে কৃষকদের খোলা মাঠে কাজ না করার পাশাপাশি নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বজ্রপাতের সময় কিছু সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটির পরামর্শ অনুযায়ী, বজ্রপাতের সময় বড় গাছের নিচে আশ্রয় নেওয়া, ধাতব বস্তু স্পর্শ করা এবং ছেঁড়া বৈদ্যুতিক তারের কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখা, জানালা বন্ধ রাখা এবং নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।