নওগাঁর রাণীনগরে পৃথক দুইটি বজ্রপাতের ঘটনায় দাদা-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই কৃষক ধান কাটার সময় এবং অপর এক যুবক মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠ ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮), তার নাতি আমিনুরের ছেলে তারেক ফকির (২৪) এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আক্কাস ফকির ও তারেক ফকির পারইল গ্রামের জ্যাঠা মাঠে ধান কাটার কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তারা মারা যান।
অন্যদিকে, বৃষ্টির সময় নয়ন তালুকদার মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় দেখতে পান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতের পৃথক ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।