রাজধানীর দনিয়ায় অবস্থিত ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সাবিকুন নাহারের আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। স্কুল কর্তৃপক্ষের দুর্ব্যবহার ও মানসিক চাপে ওই ছাত্রী আত্মহত্যা করেছে অভিযোগ তুলে বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাসুদ হাসান লিটন এবং অধ্যক্ষ মো. মাইদুর রহমান জেমকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানায়।
শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার বাংলা ও অর্থনীতি বিষয়ের মডেল টেস্ট চলাকালে সাবিকুন নাহার পরীক্ষায় চুপচাপ বসে ছিল। একপর্যায়ে সে খাতায় আঁকাআঁকি শুরু করলে বিষয়টি অর্থনীতি বিষয়ের শিক্ষিকার নজরে আসে। পরে তাকে স্কুলের প্রতিষ্ঠাতা মাসুদ হাসান লিটনের কাছে পাঠানো হয়। সেখানে দীর্ঘ সময় ধরে তাকে বকাঝকা ও অপমান করা হয় বলে দাবি সহপাঠীদের।
এক শিক্ষার্থী জানান, পরে সাবিকুনের অভিভাবককে ডেকে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। এসব ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে সাবিকুন। বাসায় ফিরে সে আত্মহত্যা করে বলে অভিযোগ তাদের।
বিক্ষোভে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, চেয়ারম্যান লিটন প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করতেন। সামান্য কারণেও ডেকে নিয়ে গালিগালাজ ও টিসি দেওয়ার ভয় দেখানো হতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর জন্য স্কুল কর্তৃপক্ষের আচরণকে দায়ী করে বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।