দেশে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৯ মে) জারি করা এক বিজ্ঞপ্তিতে হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে কয়েকটি জরুরি পদক্ষেপ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব সরকারি হাসপাতালে হাম রোগীদের চিকিৎসার জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে। একইসঙ্গে কোনো হাসপাতাল যেন হাম আক্রান্ত রোগীকে ফিরিয়ে না দেয়, সে বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতালে আসা রোগীদের দ্রুত ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, হাম রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে রোগী পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
সংক্রমণ বিস্তার রোধে দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, হাসপাতালে ভর্তি প্রতিটি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান করতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালগুলোকে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, যাতে হাম সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।