"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত, ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে ভূমিসেবা মেলা-২০২৬ শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে ভূমিসেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, আলোচনা সভা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় সদর উপজেলা ও পৌরসভার ১১টি স্টলে বিভিন্ন সেবাগ্রহীতাকে ভূমিসেবা প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জে. আর. সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস।
র্যালি ও আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।