আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে লালমনিরহাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে কালেক্টরেট কলেজিয়েট স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (চিত্রাঙ্কন) মাহরুফ হোসেন এবং বাংলাদেশ শিশু একাডেমি, লালমনিরহাটের প্রশিক্ষক (চিত্রাঙ্কন) তাপস রঞ্জন বণিক।
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক গোলাম আসিফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়।
আয়োজকরা জানান, চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল আগামী ১৯ মে প্রকাশ করা হবে। এছাড়া আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।