বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট সীমান্তে আহত যুবকের মৃত্যু, ঘটনার তদন্তে বিজিবি


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী এলাকায় মোঃ খাদেমুল (২৫) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়ে পরে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ বনচৌকি বিওপির নিকটবর্তী সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দা মোঃ খাদেমুল আহত হন। তিনি হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম আমজাদ হোসেন।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রংপুর ডক্টরস ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই বিজিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে এবং ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। তবে বিএসএফ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তদন্তের আশ্বাস দিলেও পরবর্তীতে এ ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করে। তারা জানায়, পাগলীমারি ক্যাম্পের কোনো সদস্য গুলি চালায়নি এবং তাদের অস্ত্র ও গোলাবারুদে ফায়ারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। নিহতের শরীরে আঘাতের ধরন বিশ্লেষণ করে বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে বলে জানানো হয়েছে।