পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি নিয়ে জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটি জানিয়েছে, আগামী ১৩ থেকে ১৭ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।
মঙ্গলবার (১২ মে) রেলওয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা যাবে। এ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা না করার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। তাই যাত্রীদের সতর্ক থেকে শুধুমাত্র সরকারি নির্ধারিত মাধ্যম ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।