দীর্ঘ ২৬ বছর আত্মগোপনে থাকার পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালামকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ অভিযানে পাকুন্দিয়া থানা পুলিশকে সহযোগিতা করে র্যাব-৩।
গ্রেপ্তার হওয়া আবুল কালাম পাকুন্দিয়া উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে। মঙ্গলবার সকালে তাকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত তিন মাস ধরে আবুল কালামের গতিবিধি পর্যবেক্ষণ করছিল পাকুন্দিয়া থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার শাহজাহানপুর এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে র্যাব-৩ এর সহযোগিতায় পাকুন্দিয়া থানার এএসআই সঞ্জয় কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
ওসি জানান, দীর্ঘদিন পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়াকে পাকুন্দিয়া থানার পুলিশের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০০১ সালের সেপ্টেম্বর মাসে চরলক্ষীয়া গ্রামের কিশোর সোহেল (১৪) এর সঙ্গে আবুল কালামের কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে কালাম ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যায় কালাম।
এ ঘটনায় নিহত সোহেলের বড় ভাই আজিজুল হক জজ মিয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে ২০১০ সালে আদালত আবুল কালামকে মৃত্যুদণ্ড দেন। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়।