কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঘাঘলা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। জব্দকৃত কাপড়ের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—চোরাকারবারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় প্যান্ট পিসের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে ১৫ বিজিবির একটি বিশেষ টহল দল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঘাঘলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ব্যাটারিচালিত অটোরিকশাযোগে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা অটোভ্যান ও মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ মিটার ভারতীয় প্যান্ট পিস জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, জব্দকৃত কাপড়ের সিজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং মানবপাচার প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।