বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হামের টিকা এলো ১৫ লাখ ডোজ, আসছে আরও বড় চালান


প্রকাশ :

দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে ১৫ লাখ ডোজ টিকা আনা হয়েছে। বুধবার (৬ মে) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ চালান গ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। বেলা পৌনে ১২টার দিকে এসব টিকা বিমানবন্দরে আসে।

তিনি বলেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে সাম্প্রতিক যে সংকট তৈরি হয়েছিল, তা কাটাতে এই চালান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হামের প্রকোপ বাড়ায় দ্রুত টিকা আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, মজুদ থাকা কিছু টিকা জরুরি ক্যাম্পেইনে ব্যবহৃত হওয়ায় সাময়িক ঘাটতি দেখা দিয়েছিল।

এ চালানে হাম, রুবেলা ও ওরাল পোলিও টিকার পাশাপাশি বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও অন্তর্ভুক্ত রয়েছে।

চালান গ্রহণ শেষে মন্ত্রী বলেন, সামনে আর টিকার সংকট থাকবে না। মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে আনা সম্ভব হয়েছে, যা একটি উল্লেখযোগ্য অর্জন।

তিনি আরও জানান, আগামী ১০ মে’র মধ্যে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে।