রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর মেডিকেলের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ-সমাবেশ, ক্লাস বর্জন


প্রকাশ :

রংপুর মেডিকেল কলেজে নতুন নিয়োগ পাওয়া অধ্যক্ষ মাহফুজার রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ, ক্লাস বর্জন ও তার কক্ষে তালা লাগানোর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস।অধ্যক্ষকে অপসারণ করা না হলে শনিবার থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার আলটিমেটাম দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নিপীড়ন বিরোধী চিকিৎসক ও ছাত্র সমাজের ব্যানারে এই আলটিমেটাম দেওয়া হয়। এর আগে সকালে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতার ব্যানারে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। 

দুপুর ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ থেকে নিপীড়নবিরোধী চিকিৎসক ও ছাত্র সমাজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে এসে কলেজের প্রধান ফটকের সামনে সমাবেশ করে।

সমাবেশ বক্তব্য দেন সদ্য নিয়োগ প্রাপ্ত উপাধ্যক্ষ সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম, শিক্ষার্থী নিয়াজ শরীফ, নাজমুল সাদাকত তানজিল, ফাতেমা আজাদ প্রমূখ।

সমাবেশে নতুন অধ্যক্ষের বিরুদ্ধে অবস্থান নেওয়া সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, শনিবারের মধ্যে নতুন পদোন্নতি পাওয়া অধ্যক্ষকে অপসারণ না করা হলে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকবে।বিগত সরকারের সুবিধাভোগী, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পৃষ্টপোষক সাবেক উপাধ্যক্ষ মাহফুজার রহমানের অধ্যক্ষ পদ থেকে সরাতে হবে। তাকে ক্যাম্পাস থেকে চলে যেতে হবে। আর তা না হলে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

মেডিকেল কলেজের অধ্যক্ষের কক্ষে তালা তাকিয়ে একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। তাতে বলা হয়, ‘শহীদ আবু সাঈদের পোস্টমর্টেম বিকৃতির অপচেষ্টাকারী স্বৈরাচারের দোসর ও সুবিধাভোগী ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৃষ্ঠপোষক সাবেক ভাইস প্রিন্সিপাল মাহফুজার রহমানের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না।’

অভিযোগের বিষয়ে নতুন অধ্যক্ষ মাহফুজার রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিগত সরকারের আমলে আমি উপাধ্যক্ষ ছিলাম এবং আমাকে বঞ্চিত করা হয়েছে। এখন আমাকে অধ্যক্ষ নিয়োগ দেওয়ার পর একটি চক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য অপচেষ্টা চালাচ্ছে। শহীদ আবু সাঈদের ময়না তদন্তের সময় আমি যথেষ্ট সহযোগিতা করেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের সই করা এক চিঠিতে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ (সদ্য সাবেক) শাহ মোঃ সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদফতরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একই কলেজের উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।