রংপুর মেডিকেল কলেজের ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) দুপুরে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জহুরুল হক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহান শাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের এপ্রোন পরিয়ে দেওয়া, শপথ পাঠ করানোসহ বিভিন্ন আয়োজন করা হয়। এ সময় কলেজের ২৮তম ব্যাচের উদ্যোগে প্রথম প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ফারাহ উলফাত জেবা ও দয়াল চন্দ্র রায়কে ‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান এবং এককালীন মেধাবৃত্তি দেওয়া হয়।
বক্তারা বলেন, দেশের অন্যতম প্রাচীন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রংপুর মেডিকেল কলেজ দীর্ঘদিন ধরে দক্ষ চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের মনোযোগী অধ্যয়নের ফলে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখছে।
ভালো চিকিৎসক হতে হলে শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, অধ্যবসায় ও মানবিক গুণাবলির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী, তাদের অভিভাবক, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষক, কলেজ প্রশাসনের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।