মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)। দলের সভাপতি এম এ আলীম সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে মহান মে দিবসে দেশের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও সংহতি জানায় বাংলাদেশ গণমুক্তি পার্টি। ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই দিবস বিশ্বব্যাপী শ্রমিক অধিকার আদায়ের এক অনন্য প্রতীক।
তিনি আরও বলেন, শহীদ শ্রমিকদের রক্তের বিনিময়ে আট ঘণ্টা কর্মদিবসসহ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মানবিক জীবনযাপনের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এখনও দেশের বহু শ্রমিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, অনিরাপদ পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন এবং মৌলিক চাহিদা পূরণে সংগ্রাম করছেন।
বিবৃতিতে একটি ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ গঠনে শ্রমিক শ্রেণির অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানানো হয়—শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন, শ্রমিকদের ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা নির্ধারণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
শেষে তিনি বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং মানবিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ গণমুক্তি পার্টি তাদের আন্দোলন অব্যাহত রাখবে।
মে দিবস শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রেরণা হয়ে উঠুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।