লালমনিরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে ও ইউনিসেফ-এর সহযোগিতায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকাদান কর্মসূচি, ২০২৪ উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) লালমনিরহাট জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলাপ্রশাসক এইচ এম রকিব হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাপ্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, ক্যানসার একটি প্রাণঘাতি রোগ। প্রতি বছর বিশ্বের অনেক মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। জরায়ুমুখ ক্যানসার কিশোরীদের ভবিষ্যতকে অনিশ্চিত করে তোলে। এই রোগ প্রতিরোধে এইচপিভি টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ২৪শে অক্টোবর, ২০২৪খ্রি. তারিখ থেকে বিনামূল্যে পঞ্চম থেকে নবম শ্রেণি পড়ুয়া কিশোরীদের এ টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদেরও নিকটস্থ টিকাকেন্দ্রসমূহে এ টিকা প্রদান করা হবে। সঠিক সময়ে কিশোরীদের এ টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। টিকা গ্রহণ থেকে কেউ যাতে বাদ না পড়ে সেজন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মোঃ ইফতেখার হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ আবু হোরায়রা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ রেজাউল করিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, বিভিন্ন এনজিওকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।