সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে তাঁদের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে চাকরি ও বদলি প্রতারণার অভিযোগে জাকিরুল ইসলাম নামের জাতীয় ছাত্র সমাজের এক নেতাকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার জাকিরুল ইসলাম লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক। সে জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জেলা ছাত্র সমাজের ওই নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, জাকিরুল ইসলাম নামে একজন প্রতারক তার ০১৭১০৪৭৪১০৭ নাম্বারের সীম ব্যবহার করে একটি হোয়াটস অ্যাপ আইডি খুলে। যেখানে সরকারের উচ্চ পদস্থ ব্যক্তি বর্গের ছবি ব্যবহার করে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি দেওয়া অথবা বদলী করিয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়। এজাহারে ডিবি পুলিশ উল্লেখ করে যে, জাকিরুলের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারীদের সাথে ভালো সম্পর্ক রয়েছে। এছাড়া সে সরকারী কর্মচারীর প্রতীক এবং রূপ ধারন করে প্রতারণার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন এবং ব্যক্তিগত প্রভাব খাটিয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর সলিমারাম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল আউয়ালকে সেনপাড়া পর্বতা ভূমি ভূমু অফিস, মোহাম্মদপুর ভূমি অফিস/মিরুপুর ভূমি অফিসে বদলি করিয়ে দিতে চেয়ে অর্থ গ্রহন এবং আত্মসাৎ করে। এছাড়া জাকিরুল হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বিভিন্ন চাকুরীর তদবির করার নাম করেও অর্থ হাতিয়ে নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক জাকিরুল ইসলামকে আটক, মোবাইল জব্দ এবং জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে জাকিরুল প্রতারণার বিষয়টি স্বীকার করে। পরে এ ঘটনায় লালমনিরহাট ডিবি পুলিশের এসআই অমিতাভ রায় বাদী হয়ে সদর থানায় জাকিরুল ইসলামের নামে একটি মামলা করেন।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের তথ্য ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার জাকিরুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, সদর থানার ওসি আব্দুল কাদের।