সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাত-পা বেঁধে ট্রাকচালককে ফেলে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২


প্রকাশ :

মাদারীপুরের শিবচরে ট্রাকচালক ও তার সহকারীকে হাত-পা বেঁধে ফেলে রেখে ভোজ্য তেলবোঝাই একটি ট্রাক লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার ও রোববার কুমিল্লা, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আজিজুল (৩১) ও মোকলেস (৩৩)। তাদের কাছ থেকে লুট হওয়া ট্রাক, নগদ টাকা, চারটি সাউন্ড গ্রেনেড, তিন রাউন্ড টিয়ারশেল এবং পুলিশের ব্যবহৃত একটি হেলমেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ট্রাকচালক ইছরাফিল হোসেন মিয়া ও তার সহকারী আবু বক্কর ঢাকা থেকে ৭৫ ব্যারেল পামওয়েল (প্রায় ১৩ হাজার ৯৫০ লিটার) নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন। তেলের আনুমানিক মূল্য ছিল ২৫ লাখ ১১ হাজার টাকা।

পথে শরীয়তপুরের নাওডোবা এলাকায় পৌঁছালে একটি পিকআপ দিয়ে ট্রাকটির গতি রোধ করে ডাকাতরা। পরে তারা ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে চালক ও সহকারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং গুরুতর আহত করে।

এরপর রাত আনুমানিক সোয়া ২টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে তাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে তেলবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশের দাবি, গ্রেপ্তাররা পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।